রাঙ্গার কথাগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত :ফখরুল

শহিদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ বলে মন্তব্য করায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার কথাগুলো রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এসব কথায় গণতান্ত্রিক আন্দোলনকে পুরোপুরি অপমান করা হয়েছে, বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে। গণতন্ত্রের জন্য যিনি জীবন দিয়েছেন, সেই নূর হোসেনকে নিয়ে তিনি কথা বলেছেন। যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক ছিলেন, তার বিরুদ্ধে কথা বলেছেন। এজন্য রাঙ্গার সংসদে ও সংসদের বাইরে সব জায়গায় ক্ষমা চাওয়া উচিত।

গতকাল বুধবার জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের পর ঐ কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। ভোট ডাকাতির লড়াইয়ে তাদের সঙ্গী করে সংসদে নিয়ে এসেছে। তাদেরই মহাসচিব সে গণতন্ত্রকে অত্যন্ত ন্যক্কারজনকভাবে আক্রমণ করেছেন।

‘বিএনপি থেকে অনেকেই আওয়ামী লীগে যেতে চান’—তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, তথ্যমন্ত্রী প্রায়ই এ ধরনের কথাবার্তা বলে থাকেন। এতে তার সৃজনশীলতার আওয়াজ পাওয়া যায়। নতুন নতুন গল্প তৈরি করেন তিনি। বিএনপি থেকে নয়, এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন চলছে, এই আন্দোলন আরো বেগবান হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো.  নেসারুল হক প্রমুখ।