খালেদা জিয়া জামিন পেলে চিকিত্সা নিতে বিদেশ যাবেন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গতকাল সাক্ষাত্ করে তার মেজো বোন সেলিমা ইসলাম তার গুরুতর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চিকিত্সকরা নিয়মিত এলেও বেগম খালেদা জিয়ার চিকিত্সা হচ্ছে না। চিকিত্সার জন্য অবিলম্বে খালেদা জিয়ার জামিন চেয়ে তিনি বলেন, জামিন পেলে উন্নত চিকিত্সার জন্য তাকে বিদেশ নেওয়া হবে। বিদেশে চিকিত্সা নিতে চান তিনি।

গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেলিমা ইসলাম।

বেগম সেলিমা ইসলামসহ তার পরিবারের কয়েকজন বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। প্রায় এক ঘণ্টা তারা সেখানে অবস্থান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিমা ইসলাম। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সেলিমা ইসলাম বলেন, তার শরীর ভালো না, হাতের আঙুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙুল বেঁকে গেছে। প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতে পারছেন না। তার উন্নত চিকিত্সা দরকার।

স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার প্রমুখ।