২১ নভেম্বরের মধ্যে জাবি খুলে দিতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আট দিনের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন তারা।

সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, আগামী ২১ নভেম্বরের মধ্যে হল ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রত্যাহার করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে আরো জোরালো আন্দোলন শুরু করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘গত ৫ নভেম্বর আন্দোলনকারীদের ওপর উপাচার্যের প্রত্যক্ষ মদতে ছাত্রলীগের হামলার পরে তিনি আর স্বপদে থাকার অধিকার রাখেন না। শুধু আর্থিক কেলেঙ্কারি নয়, উপাচার্যের প্রত্যক্ষ মদতে হামলা ও অদক্ষ-অযোগ্য, ভারপ্রাপ্ত প্রশাসন দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনায় ব্যর্থ হওয়ায় তার অপসারণ জরুরি।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক তারেক রেজা, অধ্যাপক কামরুল আহসান প্রমুখ। এর আগে দুপুর ১২টায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উপাচার্য অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর জাবি উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রেক্ষিতে ঐদিন সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।