দ্বন্দ্বের কারণে কমিটি গঠন ছাড়াই শেষ হয়েছে জাতীয় পার্টির (জাপা) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের সম্মেলন। গতকাল বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে। অন্যদিকে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে সম্মেলন প্রত্যাখ্যানের ঘোষণা দেন ছাত্রসমাজের জিসান-মোখলেস পরিষদের নেতারা।
সম্মেলন প্রত্যাখ্যানকারী নেতারা পুনরায় সম্মেলন, ভোটার তালিকা প্রকাশ, ত্যাগী নেতাদের মূল্যায়ন, প্রতি বছর সম্মেলন করা ও একই পদে একবারের বেশি কোনো পদে কাউকে না রাখার দাবি জানান। সভাপতি প্রার্থী সুলতান জিসান প্রধান বলেন, এবারের সম্মেলনে ভুয়া ভোটার তালিকা করা হয়েছে। নির্বাচন কমিশন ও প্রিজাইডিং অফিসার প্রশ্নবিদ্ধ। জাপা ও যুব সংহতি থেকেও ছাত্রসমাজের প্রার্থী করা হয়েছে।
ছাত্রসমাজের সম্মেলনে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ছাত্রসমাজকে লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চাই না। আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের তৈরি করবেন ছাত্ররা। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল দিদার দীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।