বাংলাদেশ শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার করেছে

বাংলাদেশ শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানসম্মত শিক্ষা অর্জনে বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেল হবে।

ডা. দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আইসিটি শিক্ষায় খুব গুরুত্ব দিচ্ছে। প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলে ডিজিটাল ক্লাসরুম স্থাপনসহ ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি কারিকুলাম ডেভেলপমেন্টের কাজ চলছে। বাংলাদেশের প্রান্তিক জনপদেও আইসিটি শিক্ষা চালু করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজের ভাষায় শিক্ষায় জোর দেওয়া হচ্ছে। মন্ত্রী আরো বলেন, বর্তমানে বাংলাদেশ প্রাইমারি শিক্ষায় এনরোলমেন্টের হার ৯৮ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। শিক্ষার চ্যালেঞ্জ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে কোন বিষয়ে বিভক্ত করবে সেটির চেয়ে কোন বিষয়টি ঐক্যবদ্ধ করবে সেদিকে মনোনিবেশ করা প্রয়োজন।

গতকাল বুধবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের প্রেসিডেন্ট তুরস্কের রাষ্ট্রদূত আহমেত আলতাই সেনজিজারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদাম অদ্রে অজুলে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন।

এর আগে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন। সারাবিশ্বের ১৯৩ দেশ এ কনফারেন্সে অংশগ্রহণ করেছে।