ঝিনাইদহের মহেশপুরে পুলিশের গুলিতে মনির হোসেন ( ৪২ ) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। আহত মনির একই উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আরো পড়ুন: আয়কর মেলা শুরু আজ
ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, তারা গোপন সুত্রে খবর পান একটি ফেনসিডিলের চালান মহেশপুর সীমান্ত পথে বাংলাদেশে ঢুকেছে। এ খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দলকে অভিযানে পাঠানো হয়। রাত দেড়টার দিকে যুগিহুদা গ্রামের মাঠের মধ্যে মাদক চোরাকারবারিরা পুলিশে সামনে পড়ে। মনিরকে ধরতে গেলে তিনি পুলিশকে ছুরিকাঘাত করার চেষ্টা চালায়। তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। মনির পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পুলিশ তখন তাকে আটক করে। উদ্ধার করা হয় ৫০ বোতল ফেনসিডিল। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, তার বিরুদ্ধে মহেশপুর থানায় ১০টি মাদকের মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআরএম