দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্রের মুক্তি আজ

বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ সারাদেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছে চলচ্চিত্রটি। ঝুলিতে যোগ হয়েছে বেশ কয়েকটি পুরস্কার।

ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে ১১ জন তরুণ পরিচালক মিলে নির্মাণ করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রটিতে থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণ-তরুণীদের নানাবিধ সঙ্কটের গল্প। যে সঙ্কটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। নির্মাতারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

ইতি, তোমারই ঢাকা চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধশতাধিক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ অনেকে।