তথ্য ফাঁস নয়, এবার ফেসবুক মুছে দিল ৩২০ কোটি ভূয়া প্রোফাইল

বিশ্বজুড়ে বার বার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। আর তার জেরে চলতি বছরে প্রায় প্রতি মাসেই কমেছে ফেসবুক ইউজারের সংখ্যা। কিন্তু ফেসবুক নিজে থেকে এবার ইউজার কমানোর পথে হাটল। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা বিশ্বজুড়ে ফেসবুকের মোট ৩২০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিল বিশ্বের এই অন্যতম সোশ্যাল মিডিয়া জায়ান্ট। ১৩ নভেম্বর সংস্থাটি এই তথ্য প্রকাশ করে। ফেসবুক থেকে জানানো হয়েছে, গত বছরও একইভাবে ১৫৫ কোটি ভুয়া প্রোফাইল বন্ধ করে দেয়া হয়েছিল। এবার ফেসবুক শুধু ভুয়া প্রোফাইলই নয়, তার সঙ্গে নিজেদের সার্ভার থেকে মুছে দিয়েছে শিশু নির্যাতন, আত্মহত্যা সম্পর্কীত কোটি কোটি পোস্ট। শুধুমাত্র ফেসবুক নয়, সংস্থাটির অপর সোশ্যাল মিডিয়া ইন্সট্রাগ্রাম থেকেও অনেক ছবি এই প্রথমবার মুছে দেওয়া হয়েছে। মুছে দেয়া হয়েছে অনেক আপত্তিকর পোস্ট করা ছবি ও ভিডিও। পাশাপাশি সমাজে ভুয়া খবর ছড়াতে পারে এমন পোস্টও ইনস্ট্রাগ্রাম থেকে মুছে দিয়েছে জুকারবার্গের সংস্থা। প্রতিষ্ঠানটি ফেসবুকের নতুন আপডেটের দ্বারা এবার থেকে প্রায় ৯৮ দশমিক ৫ শতাংশ সন্ত্রাসমূলক পোস্ট প্রকাশ পাওয়া থেকে রুখে দেয়া যাবে। একই সঙ্গে ইনস্টাগ্রামে তা বন্ধ করা যাবে প্রায় ৯২ দশমিক ২ শতাংশ। মোছা হয়েছে প্রায় ১ লক্ষ ১৬ হাজার পোস্ট যা শিশু নিগ্রহ ও যৌন হয়রানিকে কেন্দ্র করে। প্রায় ৭ লক্ষ ৫৪ হাজার পোস্ট মোছা হয়েছে ইনস্টাগ্রাম থেকে।