ইন্দোর টেস্টের প্রথম দিন শেষেই চালকের আসনে ভারত। বল হাতে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন মোহাম্মদ শামি-রবিচন্দ্রন অশ্বিনরা। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। গতকাল শেষ বিকালে ১ উইকেটে ৮৬ রান তুলে ফেলেছে ভারত। প্রথম ইনিংসে এখন বড়ো স্কোরের দিকেই হাঁটবে স্বাগতিকরা।
ভারতের অফস্পিনার অশ্বিন বলেছেন, বাংলাদেশের টেস্ট দলটা অত অভিজ্ঞ নয়। সে তুলনায় ভারত অনেক অভিজ্ঞ টেস্ট দল। মুমিনুল-মুশফিকরা ভালোই ব্যাটিং করেছেন বলে মনে করেন অশ্বিন। দলের তিন পেসারের বোলিংয়ের প্রশংসা করেছেন তিনি।
প্রথম দিনেই দুই দলের ব্যবধান স্পষ্ট হয়ে গেছে কি না জানতে চাইলে দিন শেষে সংবাদ সম্মেলনে এই অফস্পিনার বলেছেন, ‘দেখুন, এখানে সবাই খেলতে এসেছে। আপনাকে বুঝতে হবে ভারত অনেক অভিজ্ঞ দল। আমাদের অনেকেই ৪০-৪৫টা টেস্ট খেলে ফেলেছে। ওদের দলে অনেক অনভিজ্ঞ ক্রিকেটার আছে আমি জানি। তাই আমি বাংলাদেশের প্রতি অত কঠোর হতে পারব না। আমি বলব, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। ওদের কয়েকজন ব্যাটসম্যান যেমন-মুমিনুল-মুশফিকরা ভালো ব্যাট করেছে। শুধু আমাদের ধারাবাহিকভাবে ভালো বোলিংয়ের কারণে ওরা আউট হয়ে গেছে।’
টস জিতে বাংলাদেশের ব্যাটিং করাটাও অবাক করেছে অশ্বিনদের। তবে এটাকে সাহসী সিদ্ধান্ত বলেই অবহিত করেছেন তিনি। অশ্বিন বলেছেন, ‘আমরা ভেবেছিলাম টস জেতার পর ওরা ফিল্ডিং করবে। আমরা একটু অবাক হয়েছি ওরা ব্যাটিং করায়। আমি বলব এটা সাহসী সিদ্ধান্ত। ওরা ভালোই করেছে। আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে।’
উমেশ যাদব-ইশান্ত শর্মা-মোহাম্মদ শামিকে নিয়ে গঠিত ভারতের পেস আক্রমণের প্রশংসা করেছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘হয়তো বিশ্বসেরা কি না জানি না। তবে ওরা এখন দুর্দান্ত। বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং আক্রমণ।’
গতকাল অশ্বিনের শিকার ছিলেন মুমিনুল ও মাহমুদউল্লাহ। বল ছেড়ে দিয়ে বোল্ড হন মুমিনুল। আর সুইপ করতে গিয়ে বোল্ড হন মাহমুদউল্লাহ।
তবে বল হাতে বাংলাদেশকে বড়ো ধাক্কাটা দিয়েছেন শামি। ডানহাতি এই ফাস্ট বোলারের জোড়া শিকারেই বাংলাদেশের প্রথম ইনিংসের স্থায়িত্ব কমে গেছে। ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে চা বিরতির আগে ৫৪তম ওভারের শেষ দুই বলে মুশফিক ও মিরাজকে আউট করেন শামি।
দিন শেষে স্টার স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমি কন্ডিশন ও অবস্থান বুঝেই বোলিং করতে চাই। নিজের পরিকল্পনায় ঠিক থাকতে চাই। দুই ওভার আমি স্ট্যাম্পের অনেক বাইরে বোলিং করেছি। ব্যাটসম্যানকে দেখেই পরিকল্পনা করেছি। আপনি সবসময় দল ও দেশের জন্য ভালো কিছু করাকে অবশ্যই উপভোগ করবেন। আমি চা বিরতির সময় হ্যাটট্রিক নিয়ে ভাবছিলাম।’ যদিও হ্যাটট্রিকটা আর পাননি শামি। তাকে হ্যাটট্রিক বঞ্চিত করেছেন তাইজুল ইসলাম। তবে তাতে বাংলাদেশের শেষ রক্ষা হয়নি।
স্কোর কার্ড
বাংলাদেশ-ভারত
ইন্দোর টেস্ট
বাংলাদেশ-১ম ইনিংস
ব্যাটসম্যান রান বল চার ছয়
সাদমান ক সাহা ব ইশান্ত ৬ ২৪ ১ ০
ইমরুল ক রাহানে ব যাদব ৬ ১৮ ১ ০
মুমিনুল ব অশ্বিন ৩৭ ৮০ ৬ ০
মিঠুন এলবিডব্লু শামি ১৩ ৩৬ ১ ০
মুশফিক ব শামি ৪৩ ১০৫ ৪ ১
মাহমুদউল্লাহ ব অশ্বিন ১০ ৩০ ১ ০
লিটন ক কোহলি ব ইশান্ত ২১ ৩১ ৪ ০
মিরাজ এলবিডব্লু শামি ০ ১ ০ ০
তাইজুল রান আউট ১ ৭ ০ ০
রাহি অপরাজিত ৭ ১৪ ০ ০
এবাদত ব যাদব ২ ৫ ০ ০
অতিরিক্ত (লেবা-৩, ও-১) ৪
মোট: ৫৮.৩ ওভারে ১৫০/১০
বোলিং
ইশান্ত ১২-৬-২০-২, যাদব ১৪.৩-৩-৪৭-২, শামি ১৩-৫-২৭-৩, অশ্বিন ১৬-১-৪৩-২, জাদেজা ৩-০-১০-০
ভারত-১ম ইনিংস
মানায়ক ব্যাটিং ৩৭ ৮১ ৬ ০
রোহিত ক লিটন ব রাহি ৬ ১৪ ১ ০
পুজারা ব্যাটিং ৪৩ ৬১ ৭ ০
অতিরিক্ত ০
মোট: ২৬ ওভারে ৮৬/১
বোলিং
এবাদত ১১-২-৩২-০, রাহি ৮-০-২১-১, তাইজুল ৭-০-৩৩-০