অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নতুন পালক যোগ হলো। টেস্টের ইতিহাসে দ্রুততম ২৫০ উইকেটের মালিক হলেন তিনি। এখানে তার সঙ্গে অবশ্য আছেন কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। দুই জনই ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন ৪২তম টেস্টে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হককে বোল্ড করে নতুন এই কীর্তি গড়েন তিনি। ভারতীয়দের মধ্যে এই তালিকায় আগে সবার ওপরে ছিলেন অনিল কুম্বলে। সাবেক এই লেগ স্পিনার ৪৩টি টেস্টে ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান। সেদিক থেকে গতকালই কুম্বলেকে ছাড়িয়ে গেছেন অশ্বিন। প্রথম ইনিংসে অশ্বিন গতকাল ৪৩ রান দিয়ে নেন দুটি উইকেট।