ভাণ্ডারিয়ায় মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি

বিহারী ও নুরজাহান স্কুল চ্যাম্পিয়ন

ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত মুজিববর্ষ জাতীয় কাবাডি প্রতিযোগিতার ফাইনালে বালকে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৩০-১৭ পয়েন্টে পৈকখালী হাজি এস এন জামান মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা বিভাগে ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে ২৯-২৫ পয়েন্টে হারিয়ে ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিরোপা জয় করে।

উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল দুটি অনুষ্ঠিত হয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন  পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেতাগী সার্কেল) মো. আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল আলম স্বপন সিকদার প্রমুখ।