মাজেদ সরদার কমিউনিটি সেন্টার এবং ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় লাগোয়া আগাসাদেক রোডের বাংলাদেশ মাঠ। ডিএসসিসির মেগা প্রকল্পের আওতায় এই মাঠের সংস্কারের কাজ শুরু হয় বছর দেড়-দুয়েক আগে। দক্ষিণ প্রান্তে তৈরি করা হয় ডিম্বাকৃতির জলাধার এবং তত্সংলগ্ন একটি মিনি গ্যালারি। বিগত রোজার মাসে মাঠের উত্তর-পূর্বাংশে নির্মিত গ্যালারি ভেঙে ফেলা হয়। বন্ধ হয়ে যায় মহল্লাবাসী নারী-পুরুষের প্রাতঃকালীন ও বৈকালিক ভ্রমণ তথা হাঁটাহাঁটি। তারপরও আমরা আশায় আশায় থাকলাম মাঠে উন্নত পরিবেশ পাব বলে। কিন্তু হা হতোস্মি! মাঠ সংস্কার তথা উন্নয়নের অতি ধীরগতি দেখে আমাদের মাঝে এখন একরকম হতাশা জন্ম নিয়েছে। আবার ওয়ার্ড কাউন্সিলরের বসতবাড়ি সংলগ্ন সাতরওজা মাজারমুখি আগাসাদেক রোডে প্রায় ২০০ ফুট লম্বা একটি সারফেস ড্রেন সংস্কারের নামে মাস তিনেক আগে ভাঙা হলেও এখনো পুনঃনির্মাণের কাজ শুরু হয়নি। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায়, বাংলাদেশ মাঠ ও ঐ সারফেস ড্রেনের মানসম্মত সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
হাজী মো. আলী বশির
৮৮/৮৯ আগাসাদেক রোড,
মাহবুব আলী
৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা