বরিশাল আইনজীবী সমিতিতে নবনির্মিত অ্যানেক্স ভবনের উদ্বোধন

শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাতের নামে আইনজীবী সমিতিতে নবনির্মিত অ্যানেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় চার তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ (মন্ত্রী পদমর্যাদা)।

উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদিকুর আরেফিন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু এবং আইনজীবীসহ আদালতের অন্য বিচারকবৃন্দ।

প্রসঙ্গত জেলা আইনজীবী সমিতিতে এর আগে ২০১৭ সালে ঐ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আবুল হাসানাত আব্দুল্লাহ। ঐ ভবন নির্মাণে তখন প্রস্তাবিত বাজেট ধরা হয় ৪ কোটি ৮৪ লাখ টাকা। চার তলা বিশিষ্ট ভবনটিতে আইনজীবীদের আইনচর্চার জন্য মোট ১০১টি কক্ষ রয়েছে। এর মধ্যে ৩য় ও ৪র্থ তলায় মোট ৬৮টি, ২য় তলায় ৯টি এবং নিচের ফ্লোরে আরো ২৮টি কক্ষ রয়েছে। এছাড়াও ২য় তলায় একটি বড়ো হলরুম রাখা হয়েছে। আইনজীবীদের সুবিধার জন্য ঐ ভবনে ক্যান্টিনসহ কয়েকটি দোকানও রয়েছে।