চালক স্বল্পতায় অর্ধেক ভারী গাড়ি চলছে না। দেশে ছোটো বড়ো প্রায় ১ কোটি গাড়ির লাইসেন্স রয়েছে। আর চালকের লাইসেন্স আছে ৪০ লাখ। এর মধ্যে ১০ লাখ চালক পেশায় নেই। ভারী ড্রাইভিং লাইসেন্স চাহিদার তুলনায় অনেক কম। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ একথা বলেন।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর কিছু ধারা সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সমিতির অধীনে ৬ হাজারের বেশি ট্রাক ও কাভার্ডভ্যান রয়েছে। ড্রাইভিং লাইসেন্স চাহিদার ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতা যাচাই করে দ্রুত লাইসেন্স দিলে চালক সংকট কেটে যাবে। গাড়ি সংযোজন ও বিয়োজন করলে ৩ লাখ টাকা জরিমানার আইন অকল্পনীয়। আগের গাড়িগুলোর রেজিস্ট্রেশন সনদ অনুযায়ী চলাচলের অনুমতি দিয়ে নতুন রেজিস্ট্রেশন করা গাড়ির ক্ষেত্রে এই আইন কার্যকর করা যেতে পারে। তিনি আরো বলেন, যদি কোনো গাড়িকে পুলিশ মামলা দেয় তা যেন আদালতের মাধ্যমে নিস্পত্তি করার বিধান রাখতে হবে। গাড়ির কাগজ যাচাই পুলিশের নির্দিষ্ট বিভাগকে দেওয়া হউক।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবহন নেতা আবদুল মান্নান, নুরুল আবচার, জাহাঙ্গীর দস্তগীর, আবু বক্কর সিদ্দিক, জহুরুল ইসলাম দুলাল, আবদুল নবী লেদু, মো. হারুণ, মো. মোস্তফা ও আবদুল মাবুদ প্রমুখ।
চট্টগ্রামে ভুয়া শিশুরোগ বিশেষজ্ঞের কারাদণ্ড
চট্টগ্রামে বিমন কান্তি নাথ নামে এক ভুয়া শিশুরোগ বিশেষজ্ঞকে আটকের পর ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় চন্দ্রিকা মেডিক্যাল হল নামে একটি ফার্মেসি থেকে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধারের পর সিলগালা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর পাহাড়তলি থানার কালীবাড়ি রোডে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, পাহাড়তলির কালীবাড়ি রোডে অভিযান চালিয়ে বিমন কান্তি নাথ নামে এক ভুয়া ডাক্তারকে হাতেনাতে ধরা হয়। সে এইচএসসি পাশ। দীর্ঘদিন ধরে সে ডাক্তার সেজে নিয়মিত রোগী দেখে আসছিল। সে নিজেকে কখনো জেনারেল প্র্যাকটিশনার আবার কখনো শিশুরোগ বিশেষজ্ঞ বলে দাবি করত। চন্দ্রিকা মেডিক্যাল হল নামে ফার্মেসিতেই তার চেম্বার। লাইসেন্সবিহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ, সার্টিফিকেট না দেখাতে পারায় তাকে ড্রাগস আইন ১৯৪০ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।