পরিবেশ দূষণের দায়ে দুই সিমেন্ট কারখানাকে জরিমানা

অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের হাইডেলবার্গ ও এনজিএস সিমেন্ট কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত শুনানি শেষে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

নগরীর দক্ষিণ পতেঙ্গায় অবস্থিত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম প্লান্টকে ৫ লাখ ৬০ হাজার টাকা এবং উত্তর পতেঙ্গায় অবস্থিত এনজিএস সিমেন্টকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর সূত্র জানায়, প্রতিষ্ঠান দুটির নির্গমন হওয়া বায়ুদূষণের মাত্রা নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি পাওয়া গেছে। অপরিশোধিত বায়ু নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থাপনা না থাকায় শুনানি শেষে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।