পাবিপ্রবির ভর্তি পরীক্ষা আজ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। চলতি বছর এ ও বি ইউনিটের ৯২০টি আসনে ২৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছে পাবিপ্রবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা এবং বিকাল ৩.৩০ থেকে ৫টা পর্যন্ত দুই দফায় এ ও বি ইউনিটের পরীক্ষা হবে।

এদিকে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের তদারকিতে এবার জেলা পুলিশ, জেলা পরিষদ, পাবনা সদর উপজেলা পরিষদ, পাবনা চেম্বার অব কমার্স ও অন্যান্য দফতরের সহযোগিতায় দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের আবাসন ও খাবার ব্যবস্থা করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এ জেলার  মেহমান।  আশা করি, তারা কোনো দুর্ভোগে পড়বেন না।