রাজধানীর শ্যামলীতে অবস্থিত আদাবর মাদ্রাসাতুল কুরআনিল কারীম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলা আতীক উল্লাহ এক মাস ধরে নিখোঁজ। তার সন্ধান চেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ আতীক উল্লাহর ছোটো ভাই এমদাদ উল্লাহ লিখিত বক্তব্যে বলেন, গত ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় থেকে বাড্ডায় যাওয়ার উদ্দেশে রওয়ানা হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিকট আত্মীয়স্বজন ও পরিচিত জায়গায় খোঁজ নিয়ে না পেয়ে ৫ অক্টোবর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আতীক উল্লাহ ১২ বছর ধরে ঐ মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া তিনি বিভিন্ন গবেষণা নিয়ে কাজ করছেন। তার লেখা ‘আই লাভ কোরআন’সহ প্রায় ৩০টিরও অধিক বই আছে। যার অধিকাংশই ইসলামী সাহিত্য ও কোরআন সুন্নাহ ঘেঁষা বলে দাবি করেন তার পরিবার। তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিখোঁজ মাওলানা আতীক উল্লাহর সন্ধানে সহযোগিতা কামনা করেন।
নিখোঁজ আতীক উল্লাহর মা মনছুরা তাহের বলেন, আমার আলেম ছেলেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিন। এই বৃদ্ধ বয়সে ছেলের দুশ্চিন্তায় আমি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত। আমার ছেলে কখনো কারো ক্ষতি করেনি। সে পরিবারের প্রতি দায়িত্বশীল। তাকে ছাড়া তার তিন সন্তান ও স্ত্রীর আর কোনো অবলম্বন নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছেলে শিশু আয়েজ বিল্লাহ, মেয়ে শিশু আমাতুর রউফ ও আমাতুর রহমান, বৃদ্ধা মা মনছুরা তাহের, বড়ো ভাই নেয়াজ উল্লাহ রিপন।