স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান

আইনশৃঙ্খলার অবনতিসহ সামাজিক অস্থিরতা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি এড়াতে স্পর্শকাতর বিষয়ে যথাযথ যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিষয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ পরিলক্ষিত হচ্ছে। ফলে জনশৃঙ্খলার অবনতি, ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন ও সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।