চার দিনের সফরে আগামীকাল শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি দুবাই এয়ার শোতে অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে দুই দেশের মধ্যে দুইটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষর হতে পারে। সমঝোতা স্মারক দুটির একটি হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও এমিরেটস ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে। অপরটি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ও এমিরেটস ইকোনমিক জোন অথরিটির মধ্যে। পররাষ্ট্র মন্ত্রী বলেন, দ্বিতীয় সমঝোতা স্মারকের অধীনে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। এছাড়া আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস স্থাপনের জন্য জমি ক্রয় সংক্রান্ত একটি প্রটোকল সই হতে পারে। সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের প্রেরণ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে নারী কর্মী পাঠানো নিয়ে ঝামেলায় আছে সরকার। একদিকে নারী কর্মীদের ওপর অত্যাচারের বিভিন্ন ঘটনা ঘটছে, অন্যদিকে দেশের রিক্রুটিং এজেন্সিগুলো নিয়মনীতির তোয়াক্কা না করায় বিপাকে আছে সরকার।