ঘুষ-সন্ত্রাস-দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঘুষ-সন্ত্রাস-দুর্নীতি-ক্যাসিনো-জুয়াসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান সারাবছর অব্যাহত থাকবে। আমরা বসে নেই, কাজ করছি। কাউকে আইন হাতে তুলে নিতে দেব না। সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলতে থাকবে। গতকাল বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির (জাপা) এমপি রুস্তম আলী ফরাজীর আনা একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিযান অব্যাহত রাখার বিষয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি জিরো টলারেন্স নীতির নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই অভিযান শেষ না হওয়া পর্যন্ত চলবে। দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।’

প্রস্তাবের ওপর দেওয়া বক্তব্যে ফরাজী বলেন, প্রধানমন্ত্রী একাই সব কাজ করেন বলে মন্ত্রীদের আর কোনও কাজ করতে হয় না।  তারা গাড়িতে পতাকা নিয়ে ঘুরে বেড়ান। তাদের পেছনে দেশের হাজার হাজার টাকা ব্যয় হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আশস্ত হয়ে ফরাজী তার প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।