জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন নামঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই আপিলে তার জামিন চাওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, হাইকোর্ট এ মামলায় জামিন নাকচ করেছিল। তার বিরুদ্ধে আপিল বিভাগে জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় করা জামিন আবেদনটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।
এর আগে গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়াকে তার সাংবিধানিক ও আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। উনি গুরুতর অসুস্থ। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বৃহত্ একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন। এ বিষগুলো বিবেচনায় না নিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। আশা করি আপিলে ন্যায় বিচার পাব।
২০১০ সালের ৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। এই মামলায় খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি বিশেষ জজ আদালত। ঐ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে খালেদা জিয়ার জামিন চান তার আইনজীবীরা।