রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের

শহীদ নূর হোসেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম বাদী হয়ে আমলি আদালত-১ এ মামলাটি দাখিল করেন। বিচারক রেজওয়ানুজ্জামান মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ  দেননি।

বাদী আরজিতে উল্লেখ করেন, নূর হোসেন সম্পর্কে মন্তব্য করে সম্প্রতি মশিউর রহমান রাঙ্গা স্বৈরাচারী দানব হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি এ দেশের জনগণের কাছে ঘৃণ্য ও জঘন্য চরিত্রের ব্যক্তিরূপে আলোচনা-সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন। আসামি যে ইয়াবা নামক মাদকের কথা বলেছেন, ১৯৮৭ সালে এ দেশের মাদকসেবীরা ইয়াবা নামটি শোনেইনি, যা আসামি নিজেই জানেন। বাদী আরো বলেন, গত ১২ নভেম্বর সাতক্ষীরা জেলা আইনজীবী ভবনে বসে পত্রিকা পড়ে একজন সচেতন নাগরিক হিসেবে আসামির আপত্তিজনক বক্তব্য পাঠ করে তিনি অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট এম শাহ আলম জানান, ‘আমি পেনাল কোডের ৫০০ ধারাসহ প্রাসঙ্গিক অন্যান্য ধারায় মামলা করেছি। যেহেতু মশিউর রহমান রাঙ্গা একজন সংসদ সদস্য, সে কারণে বিজ্ঞ বিচারক আইনকানুন ভালো করে দেখার পর মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আদেশ প্রদান করবেন।’