সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

আজ শুক্রবার সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের জন্য ইতিমধ্যে সাভার সরকারি কলেজ মাঠে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলন প্রাঙ্গণসহ সড়ক-মহাসড়ক ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিটি ইউনিয়ন থেকে ২১ জন করে ১২টি ইউনিয়ন থেকে মোট ২৫২ জন কাউন্সিলরের নামের তালিকা জমা পড়েছে উপজেলা কমিটির কাছে। এ সম্মেলনের দিন উপজেলা কমিটি কাউন্সিলর হিসেবে কো-অপ্ট করতে পারবেন আরো ১৫ জনকে। এছাড়া উপজেলা পূর্ণাঙ্গ কমিটির ৬৭ জন সদস্যও কাউন্সিলর হিসেবে থাকবেন। সবমিলিয়ে ৩৩৪ জন কাউন্সিলর হচ্ছেন। সম্মেলন সফল করতে ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সভাপতির পদ প্রত্যাশীরা হলেন- ঢাকা জেলা পরিষদের সাবেক প্রশাসক বর্তমান কমিটির সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ কবির এবং ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ চৌধুরী। ইতিমধ্যে পদপ্রত্যাশীদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে নিজ নিজ সমর্থকের পক্ষে প্রচারণা চালিয়ে জনমত সৃষ্টির পাশাপাশি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া  দলের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান, ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা।