স্বাধীনতাবিরোধীদের নামে থাকা ফলক

নাম পরিবর্তনে ৯০ দিন সময় দিল হাইকোর্ট

দেশে স্বাধীনতাবিরোধীদের নামে থাকা স্থাপনা, সড়ক ও নামফলকের নাম পরিবর্তনের কাজ শেষ করতে ৯০ দিন সময় দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে স্বাধীনতাবিরোধীদের নাম পরিবর্তন করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামে স্থাপনা, সড়ক ও নামফলকের নামকরণ করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। স্থানীয় সরকার সচিব ও শিক্ষাসচিবের প্রতি এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে।

রিটের পক্ষের আইনজীবী এ কে রাশেদুল হক বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাখিল করা এক প্রতিবেদনে দেখা যায়, দেশে স্বাধীনতাবিরোধীদের নামে ৩০টি স্থাপনা, সড়ক ও নামফলক আছে। এর মধ্যে ২২ টির নামকরণ পরিবর্তন করা হয়েছে। আটটি এখনো পরিবর্তন করা হয়নি। সরকারি-বেসরকারি-ব্যক্তিগত কোনো স্থাপনা স্বাধীনতাবিরোধীদের নামে নামকরণ করা যাবে না বলে আদেশ দিয়েছে আদালত। তাদের নামে কিছু থাকলে তা ৯০ দিনের মধ্যে পরিবর্তন করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করতে হবে। নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের জন্য বিষয়টি আদালতের কার্যতালিকায় আসবে।

স্বাধীনতাবিরোধীদের নামে থাকা স্থাপনা, সড়ক, অবকাঠামোর নামকরণ স্থগিত চেয়ে ২০১২ সালে হাইকোর্ট রিট করেন ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ঐ বছরের ১৪ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরবর্তী সময়ে ঐ নির্দেশ অনুসরণ করা হচ্ছে না জানিয়ে ২০১৫ সালের ২৫ আগস্ট আরেকটি আবেদন করেন রিট আবেদনকারীরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ২৯ নভেম্বর হাইকোর্ট স্বাধীনতাবিরোধীদের নামে থাকা স্থাপনা, প্রতিষ্ঠান, সড়ক ও নামফলকের তালিকা জানতে চান। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।