পাবনায় পেঁয়াজ ২৫০ টাকা কেজি

পাবনায় পেঁয়াজের দাম অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। সপ্তাহ তিনেক আগে দেশীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০০ টাকা ছিল। সেই পেঁয়াজের দাম শুক্রবার আড়াই গুণ বেড়ে ২৫০ টাকা কেজি। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ২০০ টাকা কেজি। পরের দিন ৫০ টাকা যোগ হয়ে ২৫০ টাকা কেজি। এক রাতের ব্যবধানে এই দাম বৃদ্ধিতে শুক্রবার বাজারে গিয়েই ধাক্কা খান ক্রেতারা।

শুক্রবার পাবনার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বর্তমানে বাজারে দেশীয় ও মিসরীয় পেঁয়াজ আছে। তবে সরবরাহ কম। মিসরীয় পেঁয়াজ ১০০টাকা কেজি।

পাবনা শহরের বড় বাজার, লাইব্রেরি বাজার, মাছুম বাজার, অনন্ত বাজার, শিংগা বাজারের দোকানিদের সাথে কথা বলে জানা যায়, দ্রুত পেঁয়াজের দাম কমছে না। সরবরাহ সে রকম নেই,  পেঁয়াজের দাম বাড়িয়ে চলেছেন আড়তদাররা। 

আরও পড়ুন: শিগগিরই​ পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে:তোফায়েল

এ আর কর্নার কাঁচা বাজারের খুচরা বিক্রেতা আজাদুল ইসলাম বলেন, ‘তিনদিন ধরে পাইকারি বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। অল্পস্বল্প যা পাওয়া যাচ্ছে, তা মণ প্রতি সাড়ে ৯ হাজার টাকা দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে নিত্য দিনের খাবারে ব্যবহৃত পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে প্রতি দিন বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বাজার করতে হিমশিম খাচ্ছে। বড়বাজার কাঁচা বাজারে আসা অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক বললেন,‘পরিবারে বাজারের জন্য বাজেট থাকে ৩০০টাকা। অথচ এক পণ্যের দামই ২৫০টাকা। 

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদদের কাছে পেঁয়াজের দাম অস্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি ইত্তেফাককে বলেন, ‘এটা রাষ্ট্রীয় ব্যাপার। তার মন্তব্য করা ঠিক হবে না।’

ইত্তেফাক/এএএম