বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক) থেকে চুরি যাওয়া নবজাতককে ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে শিশু চুরির সঙ্গে জড়িত রেশমা খাতুন (৩৫) নামে এক নারীকে।
রেশমা শাজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সাত্তার মণ্ডলের মেয়ে।
বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকার ফারুক হোসেনের বাড়ি থেকে পুলিশ নবজাতকটি উদ্ধার ও তাকে গ্রেফতার করে।
জানা গেছে, গত বুধবার দুপুরে কাহালু উপজেলার নলঘরিয়া গ্রামের সৌরভ মিয়ার স্ত্রী নাহিদা আক্তার শজিমেক হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর ওয়ার্ডে নেওয়ার সময় নবজাতকটিকে কৌশলে চুরি করের রেশমা খাতুন। ঘটনাটি জানার পর মামলা দায়ের হলে বগুড়া সদর থানা পুলিশের কয়েকটি টিম মাঠে নামে। বৃহস্পতিবার রাতে খবর পাওয়া যায় নবজাতকটি রামচন্দ্রপুর গ্রামের রেশমা খাতুনের কাছে আছে। পুলিশ সেখানে অভিযান চালালে রেশমা নবজাতকটি নিয়ে শহরে লতিফপুর এলাকায় ফারুক হোসেনের বাড়িতে অবস্থান নেয়। পরে রাত ১২টার দিকে ফারুক হোসেনের বাড়ি থেকে নবজাতককে উদ্ধার এবং রেশমাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: অবিকল মানুষের মুখের মতো মাছ
বৃহস্পতিবার রাতেই বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা শিশুটির বাবা সৌরভ মিয়ার কাছে নবজাতককে হস্তান্তর করেন। এ সময় শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এসএমএম সালেহ ভুঁইয়া উপস্থিত ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, গ্রেফতারকৃত রেশমার স্বামী মারা যাওয়ার পর ৩ সন্তান নিয়ে বাবার বাড়ি রামচন্দ্রপুর গ্রামে বসবাস করেন। তার নির্দিষ্ট কোনো পেশা নেই। ধারণা করা হচ্ছে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে তিনি হাসপাতাল থেকে নবজাতকটি চুরি করেছিলেন।
ইত্তেফাক/এসি