অভিনয় থেকে শম্পার বিদায়!

অভিনেত্রী শম্পা হাসনাইন তার দীর্ঘদিনের অভিনয় জীবনের ইতি টানছেন। একাধিক টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে চলচ্চিত্র ও টিভি নাটকে সরব ছিলেন প্রায় দেড়যুগেরও বেশি সময়। কিন্তু হঠাত্ করেই এই সিদ্ধান্ত কেন। সেই কারণ জানাতে গিয়ে শম্পা হাসনাইন বলেন, ‘আমি কারো চাপে বা কোনো বিশেষ কষ্ট দুঃখ অভিমান থেকে এই সিদ্ধান্ত নিচ্ছি না। আমি মূলত এখন পুরোদস্তুর লেখালেখির জগতে প্রবেশ করেছি। এই লেখালেখির মোহের ভেতরেই বাকি জীবন কাটাতে চাই।’ উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে নিজের কাজের জুটি মডেল সাগরকে বিয়ে করার পর থেকেই মূলত অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন শম্পা। সেক্ষেত্রে সাগর বা শ্বশুরবাড়ির উপদেশে এই সিদ্ধান্ত কি-না জানতে চাইলে শম্পা বলেন, ‘একদমই না। তারা পুরোটাই আমার ওপর আস্থা রাখেন এবং আমার যেকোনো সিদ্ধান্তকে সবসময় সম্মান দিয়েছেন। আমি প্রকৃত অর্থেই লেখালেখির প্রেমে পড়েছি।’

উল্লেখ্য, আসছে বইমেলায় শম্পার লেখক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে। এরই ভেতরে চা খাবে মীরু নামে একটি উপন্যাস লিখে ফেলেছেন তিনি। প্রকাশ পাচ্ছে অনন্যা প্রকাশনী থেকে।  শম্পা বলেন, ‘আমি যা কিছুই করেছি, সবকিছুতেই সিরিয়াস থেকেছি। হুট করে একটি দুটি বই প্রকাশ করবো, নায়িকা হিসেবে সেই স্বীকৃতি পেতে চাই না। লেখক হিসেবে লিখেই সেই স্বীকৃতি নিতে চাই।’

উল্লেখ্য, এর আগেও একাধিক অভিনেতা অভিনয় থেকে নিজের বিদায় ঘোষণা দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আবারো লোভনীয় কোনো অফারে ফিরে এসেছেন। শম্পার ক্ষেত্রে কোনটি ঘটে এখন সেটিই দেখার বিষয়।