সিরাজগঞ্জের কামারখন্দে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি পোকার আক্রমণ কম হওয়ায় উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে।
সরেজমিনে দেখা যায়, কৃষকের চোখে মুখে স্বস্তির ছাপ। মুখে হাসির ঝিলিক। কেউ কেউ ধান কাটছেন। আবার কেউবা ধান মাড়াই ও সিদ্ধ করছেন। প্রকৃতি যেন এ বছর তাদের জন্য আশীর্বাদ।
কৃষকরা জানান, এ মৌসুমে প্রয়োজনীয় বৃষ্টি হয়েছে। একই সঙ্গে আবহাওয়া অনুকূলে ছিল। আলোর ফাঁদ স্থাপন করায় পোকামাকড়ের আক্রমণ তেমন ছিল না। তাছাড়া এ মৌসুমে উন্নতজাতের ধান আবাদ করায় উত্পাদন খরচ কম হওয়ায় আমরা লাভের মুখ দেখছি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় রোপা আমন ধানের উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৯৬০ হেক্টর আর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৪ হাজার ৪০৮ হেক্টর। এ মৌসুমে প্রতি হেক্টরে ৫ মেট্রিক টন ধানের ফলন হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। এখন পর্যন্ত উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে ধান কাটা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি ধানের জমিতে আলোর ফাঁদ স্থাপনে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছে। উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালীন ব্রি-ধান-৭১, বিনা-৭, ১৭ জাতের ধান চাষ করায় ফলন খুবই ভালো হয়েছে।