রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হুমায়ন কবির নামের এক ছাত্রকে মারধরের ঘটনায় ক্যাম্পাসে ডিউটিরত পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হুমায়ন কবির নাহিদ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী। অন্যদিকে মারধরকারী পুলিশ কনস্টেবল মো. নাদিম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাহিদ সন্ধ্যায় বাইক নিয়ে বিনোদপুর গেটে প্রবেশ করলে মতিহার জোনের সহকারী কমিশনার মাসুদ রানা বাইকের কাগজপত্র দেখাতে বলেন। নাহিদ বাইকের কাগজপত্র না দেখিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেন। কিন্তু পুলিশ কাগজপত্র ছাড়া প্রবেশ করতে দিবে না জানালে নাহিদ বাইকের কাগজপত্র দেখালেও সেখানে তার বড়ো ভাইয়ের নাম ছিল। পরে নাহিদকে মতিহার থানায় নিয়ে যেতে চাইলে সে রাজি না হওয়ায় বাগিবতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নাহিদকে পুলিশ কনস্টেবল মো. নাদিম মারধর করে থানায় নিয়ে যায়।
মতিহার থানার (ওসি) হাফিজুর রহমান বলেন, এখানে একটা ভুল বোঝাবুঝি থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অভিযুক্ত কনস্টেবলকে মতিহার থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান বলেন, পুলিশ ঘটনাটি জানানোর পরই আমি সেখানে দুই জন সহকারী প্রক্টর পাঠিয়েছি।