নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে বন্ধ হয়ে যাওয়া স্থলবন্দর চালু এবং এই স্থলবন্দর প্রমত্তা সোমেশ্বরী নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।
শুক্রবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব ক্যান্টিনে বিজয়পুর স্থলবন্দর উন্নয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। কমিটির নেতারা বলেন, ১৯৯৮ সালে ভারত থেকে কয়লা ও পাথর আমদানির জন্য এই স্থলবন্দর চালু করা হয়। কিন্তু ২০১৫ সাল থেকে বন্দরটি আবার বন্ধ হয়ে যায়। চার বছর ধরে স্থলবন্দর বন্ধ থাকায় কয়লা ও পাথর আমদানি বন্ধ রয়েছে।
তাই অর্থনৈতিক উন্নয়ন এবং এলাকার উন্নয়নও বন্ধ হয়ে যায়। বিজয়পুর স্থলবন্দরটি পুনরায় চালুর জন্য তারা সরকারের কাছে দাবি জানান। এছাড়া প্রমত্তা সোমেশ্বরী নদীর ভাঙনের হাত থেকে বন্দরের অবকাঠামো রক্ষার দাবিও জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মো. আজিজ, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন ফকির এবং সহসভাপতি দেব শংকর রায় দেবু।