বরিশাল নগরীর সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখা। শুক্রবার নগরীর ফকিরবাড়ি রোডস্থ সমাজতান্ত্রিক দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি করপোরেশনের আওতাধীন প্রায় ৮০ ভাগ রাস্তাই চলাচলের অনুপযোগী। ফলে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই বরিশালবাসীকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
অবিলম্বে রাস্তাঘাট, খাল, ড্রেন সংস্কারসহ বিভিন্ন দাবিতে স্থানীয় কাউন্সিলর এবং সিটি করপোরেশনের কার্যকর ভূমিকার দাবিতে আগামী ১৫-৩০ নভেম্বর ‘দাবি পক্ষ’ ঘোষণা করা হয়। এছাড়া ১ ডিসেম্বর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাবেশ ও মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।