গোপালগঞ্জে ট্রলিচাপায় খাদ্য কর্মকর্তা নিহত

গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলিচাপায় টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. মনিরুজ্জামান নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন গোলচত্বরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোল্লা মো. মনিরুজ্জামান গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদহ গ্রামের মৃত মো. চাঁন মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক জানান, গ্রামের বাড়ি থেকে প্রাতভ্রমণে বের হন মোল্লা মো. মনিরুজ্জামান। শহরের শেখ কামাল স্টেডিয়াম এলাকায় আসলে ইট বোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ট্রলি ও ট্রলি চালক রফিককে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।