জকোভিচকে হারিয়ে ফেদেরার শেষ চারে

রজার ফেদেরার গত বৃহস্পতিবার রাতে নোভাক জোকোভিচকে হারিয়ে এটিপি ফাইনালসের শেষ চারে উঠেছেন।

বর্তমানে ৩৮ বছর বয়সি ফেদেরার লন্ডনের ওটু এরিনায় বছরের শেষ এই টুর্নামেন্টে ৬-৪, ৬-৩ গেমে জোকোভিচকে হারান। দুই গ্রুপে রাউন্ড রবিন ভিত্তিতে খেলা চলছে। ফেদেরার শেষ চারে রাফায়েল নাদাল ও স্টেফানোস সিটসিপাসের মধ্যকার জয়ীর বিরুদ্ধে খেলবেন।

সার্বীয় জোকোভিচের এই পরাজয়ে নাদালের বছর শেষে বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড় হিসেবে আবির্ভূত হওয়া নিশ্চিত হলো। ৩৩ বছর বয়সি নাদালকে শেষ চারে ওঠার সম্ভাবনা জাগিয়ে রাখতে হলে গ্রিক সিটসিপাসের বিরুদ্ধে জিততেই হবে। গতকাল শুক্রবার খেলাটি হয়ে যাওয়ার কথা।

সপ্তম বাছাই জার্মানির আলেকজান্ডার জভেরেভ যদি চতুর্থ বাছাই রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে হারান, তাহলে স্প্যানিশ নাদালের জিতেও কোনো লাভ হবে না। অবশ্য সবকিছু নাদালের পক্ষে গেলে প্রতিযোগিতার আন্দ্রে আগাসি গ্রুপ থেকে নাদাল শেষ চারে পৌঁছাবেন। সে ক্ষেত্রে আরেকটি নাদাল-ফেদেরার দেখতে পারে টেনিস বিশ্ব।

ফেদেরার এর আগে বিয়ন বর্গ গ্রুপ থেকে পঞ্চম বাছাই অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েমের পেছনে থেকে শেষ চার নিশ্চিত করেন। আজ শনিবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এবারের আসরের তৃতীয় বাছাই সুইসটি এটিপি ফাইনালসে ছয়বারের চ্যাম্পিয়ন হলেও লন্ডনে শুরু করেছিলেন প্রথম খেলায় থিয়েমের কাছে হেরে।

এদিন অবশ্য তিনি সার্বীয়টিকে হারানোর পর আনন্দে লাফিয়ে ওঠেন। কোনো না কোনোভাবে এটা আবার তার জন্য জোকোভিচের বিরুদ্ধে প্রতিশোধের পালাও ছিল। বিশেষ করে গেল জুলাইয়ে জোকোভিচের কাছে উইম্বলডনের মহাকাব্যিক ফাইনালে হারের পরিপ্রেক্ষিতে।

সুইসটি খেলা শেষে এবারের সাফল্য প্রসঙ্গে বলেন, ‘আমার ধারণা, আমি ম্যাচ পয়েন্ট জিতেছি। উইম্বলডনে এটা খুব কাছাকাছি ছিল। সে ম্যাচটি খেলা ছিল বিশেষ সুযোগ, তাতে ছিল অনেক উত্থান-পতন।’

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে আমি এর চাইতে বেশি খুশি হতে পারতাম না। আমার ধারণা আমি অসাধারণ সার্ভ করেছিলাম, আন্দাজ করতে পেরেছিলাম ভালোভাবে, তাছাড়া খেলা নিয়ে পরিষ্কার পরিকল্পনা ছিল। আজ রাতে এসব ভালোভাবেই কাজে লেগেছিল, নোভাকের বিরুদ্ধে শেষবার যা কাজ করেনি।’

অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ এর আগের চার খেলাতেই ফেদেরারকে হারিয়েছিলেন। কিন্তু ৩২ বছর বয়সি খেলোয়াড়টি এদিন দ্বিতীয় সেটে কিছু সময় ছাড়া বাদবাকিটায় নিজেরে হারায়ে খুঁজে ফেরেন।