তিন বছর পর আজ বাফুফের এজিএম

চার বছরের মেয়াদের বাফুফের বর্তমান কমিটি। এর মধ্যে তিন বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়নি। না হওয়াতে এই নিয়ে অনেক রাগ-ক্ষোভ অভিযোগ জমা হয়েছে কাউন্সিলরদের মধ্যে। নানা সময় নানা কথা সমালোচনার বেলুন হয়ে উড়েছে। তারপরও এজিএম হয়নি। খণ্ড-খণ্ডভাবে জবাব দেওয়া হলেও সেটি খুব প্রভাব ফেলেনি। আজ যখন গাজীপুরের একটি রিসোর্টে এজিএম হবে ধরেই নেওয়া হচ্ছে উত্তপ্ত হবে সেই সভা। আর্থিক বিষয়টা নিয়ে কথা উঠবে সবচেয়ে বেশি। বিশেষ করে বাফুফের দুই সহসভাপতি আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তো সোচ্চার হবেনই এবং তাদের সঙ্গে অনেকেই যোগ দেবেন এমন আশঙ্কাও করছেন বাফুফের লোকজন। বাফুফের নির্বাচন এপ্রিলে। এজিএম হলেও মূলত নির্বাচনকে কেন্দ্র করেই সবকিছু এগোচ্ছে। বাফুফের বর্তমান কমিটি গতকাল পর্যন্ত তাদের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছে। মতবিনিময় সভা করেছে। জানতে চেয়েছে কার কি সমস্যা এবং কিভাবে হবে সেই সমাধান। টানা তিন দিন বৈঠক হয়েছে। একই সঙ্গে কাউন্সিলরদের সঙ্গেও বৈঠক করেছেন বাফুফের সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন। তিনিও কাউন্সিলদের ডেকে নিয়ে জানিয়ে দিয়েছেন এজিএমএ গিয়ে কোন্ বিষয়গুলো জোর দিয়ে তুলতে হবে। আজ মূল সাধারণ সভায় যোগ দিয়ে সবাই মনের কথা তুলে ধরবেন। তবে আগের এজিএমগুলোতে দেখা গেছে অনেক ধরনের আলোচনা হয়েছে। কিন্তু ফুটবল কিভাবে এগিয়ে যাবে সেটা নিয়ে সোচ্চার নয় কেউ। কোনো জেলা নাকি উত্থাপন করেনি তার জেলায় ফুটবল হয় না কিভাবে কি করা যায়। সবকিছুর আগে ফুটবল। যদি সেটা নিয়েই এজিএম মুখরিত হয় তবেই সার্থকতা ফুটবলের।