মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল আজ শনিবার। কাউন্সিলকে ঘিরে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে ফুরফুরে মেজাজে। স্থানীয় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল তিনটায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করেছেন।
উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা কাউন্সিল শেষে উপজেলার শীর্ষ দুই পদে নেতা নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মাঝে রয়েছে বাড়তি আমেজ। কাউন্সিলে তৃণমূলসহ মোট ৬৪৫ জন কাউন্সিলর অংশ নিবেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন, কাউন্সিলকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে। কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করা হবে।