উন্নয়ন মেলায় নিরাপদ সবজি

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আঙ্গিনায় পিকেএসএফ উন্নয়ন মেলা ২০১৯ গত বৃহস্পতিবার শুরু হয়েছে। সাত দিনব্যাপী এ মেলার গতকাল ছিল তৃতীয় দিন। নিজেদের উত্পাদিত পণ্যের প্রদর্শন, পরিচিতি ও বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। বাঁশ, বেত, পাট, কাঠ, মাটি, কাঁসা, তাঁতের তৈরি নানা ধরনের হস্তশিল্পজাত পণ্য, নানা ধরনের পিঠা, তেল, নিরাপদ সবজিসহ বিভিন্ন ধরনের নিরাপদ পণ্য নিয়ে প্রায় ২০০ স্টল এ মেলায় অংশগ্রহণ করেছে। ধামরাইয়ের বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের নিরাপদ সবজি মেলার উল্লেখযোগ্য আকর্ষণ। শুরু থেকেই মেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এসডিআইয়ের স্টল থেকে নিরাপদ সবজি সংগ্রহকালে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী দিলারা জামান। তিনি জানান, এসডিআইয়ের নিরাপদ সবজির গুণগতমান সম্পর্কে আগে থেকেই তার ধারণা আছে। তাই তিনি মেলায় এসে এসডিআইয়ের নিরাপদ সবজি সংগ্রহ করেছেন। সংস্থাটির সিইও সামছুল হক বলেন, তাদের উদ্যোক্তাদের উত্পাদিত নিরাপদ সবজি ও অন্যান্য পণ্যের সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিতে তারা স্টল নিয়ে মেলায় এসেছেন।

তিনি আরো জানান, প্রতিদিন প্রচুর পরিমাণ নিরাপদ সবজি ক্রেতারা লুফে নিচ্ছেন। এখানে তাত্ক্ষণিক রান্নার উপযোগী প্রক্রিয়াজাত নিরাপদ সবজিও পাচ্ছেন ক্রেতারা। তিনি আরো বলেন, মেলা সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। দেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্বদেশে-বিদেশে নিজেদের উত্পাদিত পণ্য পরিচিতির জন্য এ ধরনের মেলা বা প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ।