লাখ লাখ রোহিঙ্গা জেএমবির টার্গেট চট্টগ্রামে দুই জঙ্গি আটক

এবার রোহিঙ্গা ক্যাম্প টার্গেট করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাই এখন তাদের লক্ষ্যবস্তু যারা অবস্থান করছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে। আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রমতে, ক্যাম্পগুলোকে জঙ্গি আস্তানায় পরিণত করে পুরো এলাকাকে অস্থিতিশীল করার নীলনকশা তৈরি করছে জেএমবি। রোহিঙ্গা নারীদেরকে বিয়ে করাসহ নানা কৌশলে ক্যাম্পে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জেএমবি। কথিত ‘জিহাদের’ স্বপ্ন দেখিয়ে তরুণদেরকে বিপথে টেনে আনার অপচেষ্টা চলছে। রোহিঙ্গা নারীরা না বুঝে ভুল পথে পা বাড়াচ্ছে। এরই মধ্যে রোহিঙ্গাদের কেউ কেউ সক্রিয়ভাবে জেএমবির সদস্য হিসেবে কাজও শুরু করে দিয়েছে।

গত বুধবার গভীর রাতে চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট থেকে আবদুল্লাহ আল সাঈদ ও মো. ইসমাইল নামে দুই যুবককে আটক করেছে র্যাব। র্যাব জানাচ্ছে, আটক দুজন জেএমবির সক্রিয় সদস্য। তাদের   কাছে বিপুল পরিমাণ জঙ্গি উসকানিমূলক জিহাদী বই ও লিফলেট পাওয়া গেছে যা নিয়ে তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। এদের মধ্যে ইসমাইলের বাড়ি মিয়ানমারে। তবে বর্তমান ঠিকানা— টেকনাফের নয়াপাড়া এক নম্বর ক্যাম্প। আবদুল্লাহ আল সাঈদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার ডোমকুলি গ্রাম। আটক ব্যক্তিরা র্যাবকে জানিয়েছে তারা জেএমবির সক্রিয় সদস্য। মানুষজনকে জিহাদে উদ্বুদ্ধ করার জন্য তারা চট্টগ্রাম থেকে কক্সবাজারের টেকনাফে যাচ্ছে। দীর্ঘদিন যাবত্ হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করে তারা ধর্মপ্রাণ উঠতি যুবকদেরকে জঙ্গি ও জিহাদী চেতনায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করছে বলেও র্যাবের কাছে তারা স্বীকার করে।