দুবাইয়ে ১৮ নভেম্বর প্রবাসীদের এনআইডি কার্যক্রম উদ্বোধন

আগামী ১৮ নভেম্বর দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তার সঙ্গে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর, এনআইডির মহাপরিচালক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, দুবাই প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমতি চেয়ে পত্র পাঠিয়েছে কমিশন। তবে গত বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো নির্দেশনা আসেনি। ইসির কর্মকর্তারা জানান, গত ৫ নভেম্বর অনলাইনে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে নির্বাচন কমিশন। দুবাইয়ের পর সৌদি আরব, মালদ্বীপ, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ অন্য দেশের প্রবাসী বাংলাদেশি নাগরিকদেরও ভোটার করবে ইসি। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, প্রবাসীরা আবেদন করার পর সেটি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হবে। সেখান থেকে তদন্ত প্রতিবেদন এলে যোগ্য ব্যক্তির ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ নেওয়ার জন্য দূতাবাসে হেল্প ডেস্ক বসানো হবে। এরপর সেটা ইসি সার্ভারে নিয়ে স্মার্ট কার্ড ছাপিয়ে হেল্প ডেস্কের মাধ্যমেই আবার বিতরণ করা হবে।

আবেদনে যা লাগবে: মোট ছয়টি ডকুমেন্ট দিতে হবে প্রবাসীদের ভোটার হওয়ার জন্য। এগুলো হলো পাসপোর্টের ফটোকপি, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের ফটোকপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্তকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের কপি, বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বরসহ অঙ্গীকারনামা, বাংলাদেশে কোথাও ভোটার হয়নি মর্মে লিখিত অঙ্গীকারনামা এবং সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র।