জাতীয় সংসদে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে রংপুরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে শ্লোগান দেওয়ার অভিযোগ নিয়ে শুক্রবার মিছিল মিটিং হয়েছে রংপুরে। মুখোমুখি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
শুক্রবার বিকালে এ ঘটনার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছে মহানগর ও জেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন সংগঠন। এরমধ্যে মহিলা লীগ ঝাড়ু মিছিল করেছে। তারা মিছিলটি বের করে নগরীর বেতপট্টির দলীয় কার্যালয় থেকে।
জেলা ছাত্রলীগের মিছিল শেষে ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। এছাড়া যুবলীগের সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও ছাত্রলীগ সভাপতি স্বাধীন। সেখান থেকেও একই আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে লাগাতর অবরোধ দেওয়ার ঘোষণা দেওয়া হয় উভয় সমাবেশ থেকে।
রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুত কমিটির বৃহস্পতিবারের মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কথিত শ্লোগান দেওয়ার অভিযোগ নিয়ে শুক্রবার তুলকালাম কাণ্ড ঘটেছে রংপুরে। বিষয়টি নিয়ে এখন মুখোমুখি অবস্থানে জাতীয় যুব সংহতি ও যুবলীগ। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন থানায় সাধারণ ডায়েরি করেছে ছাত্রলীগ।
অন্যদিকে মহানগর জাতীয় যুব সংহতি সংবাদ সম্মেলন করে এ ধরনের অভিযোগকে বিকৃত ও বিভ্রান্তিমূলক প্রচারণা বলে এর তীব্র নিন্দা জানিয়েছে। সন্ধ্যা ৬টায় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহীন হোসেন জাকির বলেন, রংপুর মহানগর যুব সংহতির সুস্পস্ট বক্তব্য হলো—জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন মহাজোটবদ্ধ হয়ে উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখছে।