রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফিরে পেলেন সার ব্যবসায়ী রাজীব প্রসাদ (৩৫)। শুক্রবার সকালে রিকশাচালক লাল মিয়া (৫৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে রিকশায় ফেলে যাওয়া টাকাসহ ব্যাগটি মালিককে ফেরত দেন। বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে উদ্ধার হওয়া টাকার ব্যাগ আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে তুলে দেন।
ব্যবসায়ী রাজীব প্রসাদ জানান, তিনি নন্দীগ্রামের রনবাঘা বাজারে সারের ব্যবসা করেন। বসবাস করেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। শুক্রবার সকালে জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে একটি রিকশায় সাতমাথায় রাজশাহী রুটের বাস ধরার জন্য নামেন। তার সঙ্গে ছিল তিনটি ব্যাগ। কিন্তু ভুলবশত ২০ লাখ টাকা ভর্তি ব্যাগটি তিনি রিকশায় ফেলে যান। ১০ মিনিট পর ব্যাগটির কথা মনে হলে তিনি সাতমাথা এলাকায় রিকশাচালককে খুঁজতে থাকেন। তিনি দ্রুত বিষয়টি বগুড়া সদর থানা-পুলিশকে জানান।
এদিকে টাকার ব্যাগ পাওয়া রিকশাচালক শহরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে লাল মিয়াও (৫৫) শহরের বিভিন্ন স্থানে টাকার মালিককে খুঁজতে থাকেন। না পেয়ে তিনি টাকাগুলো বাড়িতে রেখে আবারো টাকার মালিককে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ঐ রিকশাচালক সদর থানা পুলিশের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। এ সময় তিনি পুলিশকে জানান, টাকাগুলো তার বাড়িতে হেফাজতে আছে। পরে বাড়িতে গিয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার উপস্থিতিতে মালিকের কাছে হস্তান্তর করা হয়।