বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আমরা আশা করি খুব শিগিগরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। দেশে আরো ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে। সেটা এলেই পেঁয়াজের সংকট কেটে যাবে। ভারত থেকে আমরা সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করি। কিন্তু ভারত এ বছর সেটি বন্ধ করে দিয়েছে। পৃথিবীর অনেক দেশে এ বছর পেঁয়াজ উত্পাদন কম হয়েছে।
শুক্রবার দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন বাত্সরিক চাহিদা, উত্পাদন ও ঘাটতি নিরূপণ করেই চার-পাঁচ মাস আগেই পদক্ষেপ নেওয়া হতো। কিন্তু এ বছর হয়তো সেটি আমরা ঠিকভাবে অনুমান করতে পারিনি। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।
পরে তোফায়েল আহমেদ ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৬ হাজার টাকা, দুই বান্ডিল করে ঢেউটিন ও ৩০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মো. কায়ছার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।