দীর্ঘদিন সংস্কারের অভাবে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে শম্ভুপুরাগামী সড়কটিতে বৃষ্টির পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙা এই সড়কে চলাচলে লোকজনকে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। এলজিইডির অধীন এই সড়কের পাশে রয়েছে দুর্গাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়, কাজিরগাঁও হাজী তমিজউদ্দিন মাদ্রাসা, একই অবস্থানে চৌধুরীগাঁও সরকারি প্রাথমিক ও চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়, হোসেনপুর এলাকায় হোসেনপুর কলেজ, হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হোসেনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, হোসেনপুর ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন এ সড়ক দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে থাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এছাড়া মেঘনাঘাট এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরাও এই সড়ক দিয়েই যাতায়াত করে থাকেন। ভাঙা এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, হতাহত হচ্ছে মানুষ।
বিগত সরকারের আমলে এলাকাবাসীর প্রয়োজনে মোগরাপাড়া চৌরাস্তা থেকে শম্ভুপুরা পর্যন্ত প্রথমে একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়। নির্মাণাধীন সড়কটি স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কয়েক বছর আগে পাকা করা হয়। কিন্তু বিগত কয়েক বছরে বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরে গেছে সড়কটি। বেহাল সড়কটি সংস্কারে আর কোনো উদ্যোগ নেয়নি কোনো সরকার। স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন যাবত্ রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হয়নি। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের ব্যাপারে কথা দিলেও কেউ কথা রাখেননি। বর্তমান নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার কাছে স্থানীয় এলাকাবাসীর প্রাণের দাবি— এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে তিনি যেন সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।