জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠিতব্য ‘মুজিববর্ষ’র উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে।
২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ও ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। ঐ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশি হাইকমিশনার মোয়াজ্জেম আলী দ্য হিন্দুকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। ঢাকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদিই অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন। তিনি আরো বলেন, অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে। দিল্লি, কলকাতা ও আগরতলাতেও পৃথক অনুষ্ঠান হবে। ভারতের আমাদের কূটনৈতিক মিশনগুলো নানা কর্মসূচির পরিকল্পনা করছে। ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩৯ জন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হবে। তাদের অনেকেই এরই মধ্যে আসার জন্য সম্মতি জানিয়েছেন। তবে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে না।