স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় দিনের পর দিন স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন স্ত্রী। গতকাল শুক্রবার নির্যাতন সইতে না পেরে দেড় বছরের কন্যাসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে শিশুটি। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার (৩২) নরসিংদীর বেলাবো এলাকার স্বপন মিয়ার স্ত্রী।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মান্নান স্থানীয়দের বরাত দিয়ে জানান, কালিয়াকৈর উপজেলার করনী নীট কম্পোজিট কারখানার ডাইং ম্যানেজার স্বপন মিয়া স্ত্রী সালমা আক্তার ও দেড় বছরের শিশুসন্তান তাবাসসুমকে নিয়ে রতনপুর এলাকার ফ্ল্যাটে বসবাস করতেন। অনেকদিন ধরেই স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে আসছিলেন স্ত্রী। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাগিবতণ্ডা হতো। এর জের ধরে তাকে মারধরও করতেন স্বামী। মারধর করার কারণে গত বৃহস্পতিবার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করতে গেলে এলাকাবাসী সালমাকে উদ্ধার করে স্বামীর কাছে পাঠিয়ে দেয়। রাতে তাকে ফের মারধর করেন স্বামী স্বপন। এরই জের ধরে গতকাল সকালে উপজেলার রতনপুর এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে সন্তানকে নিয়ে ঝাঁপ দেন সালমা। এতে ঘটনাস্থলেই সালমার মৃত্যু হয়। ভাগ্যক্রমে বেঁচে যায় শিশু তাবাসসুম। স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঐ হাসপাতালের মর্গে পাঠায়। অপমৃত্যুর মামলা হয়েছে।