মার্কিন সৈন্যের অবস্থান দ. কোরিয়ার কাছে আরো অর্থ দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার তাদের সৈন্য মোতায়েনের জন্য দক্ষিণ কোরিয়ার কাছে আরো অর্থ দাবি করেছেন। কেবল সৈন্য মোতায়েন নয়, দেশটির সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ও করতে হয় বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। গতকাল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিয়েং ডুর সঙ্গে সিউলে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসপার এই দাবি করেন। এসপার বলেন, দুই দেশের যৌথ সামরিক মহড়া শিথিল করতে হবে। এর মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু চুক্তির আলোচনাকে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন। এসপার বলেন, দক্ষিণ কোরিয়া সম্পদশালী দেশ। তাই দেশটির যুক্তরাষ্ট্রকে আরো অর্থ দেওয়া উচিত। তবে জিয়ং কিয়েং বলেছেন, সবকিছুই হতে হবে সমঝোতার ভিত্তিতে। দক্ষিণ কোরিয়ার এক আইনজীবী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বছরে ৫০০ কোটি ডলার দাবি করছে যা বর্তমানের চেয়ে পাঁচগুন। -রয়টার্স