ফেসবুকের কাছে ১২৩ জনের তথ্য চেয়েছে সরকার

ফেসবুকের কাছে ব্যবহারকারীদের তথ্য চেয়ে বিভিন্ন দেশের সরকারের করা আবেদন অতীতের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট এই প্রতিষ্ঠান বলছে, গত বছরের শেষ ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারিভাবে তথ্য চাওয়ার আবেদন বেড়েছে প্রায় ১৬ গুণ। গতকাল শুক্রবার বিশ্বের শীর্ষ এই সামাজিক যোগাযোগমাধ্যম তাদের এক ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে ১২৩ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ করেছে। মোট ৯৫ বার অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে আইনি প্রক্রিয়ার অনুরোধ রয়েছে ১৫টি; জরুরি অনুরোধ ৮০টি। বাংলাদেশ সরকারের এসব অনুরোধের ৪৭ শতাংশের সাড়া দিয়েছে ফেসবুক। এর মধ্যে জরুরি অনুরোধের ৪৮ শতাংশ এবং আইনি প্রক্রিয়ার অনুরোধের ২০ শতাংশের তথ্য বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।

তবে চলতি বছর ফেসবুকের কাছে তথ্য চাওয়ার রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। দেশটি চলতি বছরের প্রথম ছয় মাসে ৫০ হাজার ৭১৪ জন ব্যবহারীর তথ্য চেয়েছে। একই সঙ্গে এই তথ্য চাওয়ার বিষয়টি যাতে ব্যবহারকারীকে না জানানো হয় সে ব্যাপারে নির্দেশও দেওয়া হয়। ফেসবুকের কাছে তথ্য চাওয়ার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চলতি বছরের প্রথমার্ধে ২২ হাজার ৬৮৪ জনের তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার।