যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে স্বীকার করে নিয়েছেন যে তিনি ইউক্রেনকে ঘুষ দিতে চেয়েছিলেন। এজন্য সংবিধানের আলোকে প্রেসিডেন্ট পদ থেকে তাকে অপসারণ করা যায়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্যাক্স রিটার্ন প্রকাশে বাধা দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। খবর বিবিসি ও রয়টার্সের
সাক্ষ্য দিলেন ইউক্রেনে সাবেক মার্কিন দূত
গতকাল সাক্ষ্য দিয়েছেন ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি ইয়োভানোভিচ। কিভাবে তিনি ইউক্রেনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন এবং কিভাবে তাকে সেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন সরিয়ে আনেন তার বর্ণনা দেন ওই কূটনীতিক। তার সাক্ষ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ তাকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর আগে গত ১১ অক্টোবর গোপন কক্ষে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। গতকাল সাক্ষ্য দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প তার সমালোচনা করে টুইটার বার্তা প্রকাশ করেন। মেরি ইয়োভানোভিচ এই সমালোচনাকে হুমকি হিসেবে উল্লেখ করেছেন। রিপাবলিকনরা এই সমালোচনাকে প্রেসিডেন্টের ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেছেন। তারা সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে কমিটিতে হাজির করার কথা বললেও ডেমোক্র্যাটরা তা নাকচ করে দিয়েছেন।
যা বললেন পেলোসি
স্পিকার জানিয়েছেন, একটি ভুয়া তদন্তের ভিত্তিতে আগামী নির্বাচনে প্রকাশ্যে বিবৃতি দিতে ইউক্রেনকে বলা হয়েছিল। না দিলে সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এটা এক প্রকার ঘুষ। এক সংবাদ সম্মেলনে পেলোসি এসব কথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানি প্রকাশ্যে শুরু হওয়ার একদিন পর পেলোসি এই সংবাদ সম্মেলন করেন। স্পিকার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্বীকার করেছেন এবং তা সম্পূর্ণ সঠিক বলেছেন। অথচ এটা সম্পূর্ণ ভুল।
সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
ট্রাম্পের আট বছরের আয়কর রিটার্ন প্রসিকিউটরের কাছে জমা দিতে বলেছে নিম্ন আদালত। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প নিম্ন আদালতের রায় স্থগিত করতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন।