উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা

নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে ----------- রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, কয়েক বছর আগে সিরাজগঞ্জের মুলবাড়িতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যে মহলটি প্রকাশ্যে ট্রেনে আগুন দিয়েছিল, তারা আবারও উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনে নাশকতা ঘটালো কি না, সে সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। ইঞ্জিনে আগুনলাগা মাত্রই দ্রুতই তা অন্য বগিতে ছড়িয়ে পড়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার উল্লাপাড়া স্টেশন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুয়াশা বা অন্য কোনো কারণে দুর্ঘটনা হতে পারে। কিন্তু এখানে তো মিটারগেজের লাইন একটাই। এখানে ডিটেইলমেন্টটা হওয়ার কোনো কথা নয়। লাইন ক্লিয়ার দেওয়ার ব্যাপারে কারও কোনো গাফিলতি আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে পয়েন্টম্যানের দায়িত্বে থাকা দুজনকে আটক করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে জেনেছি, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তারা অর্ধেক কাজ করে খাওয়ার জন্য গিয়েছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, আমি এও জেনেছি, রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় আছেন, যিনি সিরাজগঞ্জ-ঈশ্বরদী সেকশনে রেলপথের ঠিকাদার ছিলেন। যদি রেলপথ সংস্কার কাজে ঐ ঠিকাদারের কোনো গাফিলতি ও দায়িত্বে অবহেলার বিষয় খুঁজে পাওয়া যায়, তাহলে ছাড় দেওয়া হবে না। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। কিছুটা সময় লাগবে।

এসময় উপস্থিত ছিলেন রেলপথ সচিব মোফাজ্জল হোসেন, অতিরিক্ত সচিব ফারুক উজ্জামান, রেল মহাপরিচালক  শামসুজ্জামান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রধান প্রকৌশলী এ এস এম মাসুদর রহমান, ডিআরএম (পাকশী) মিজানুর রহমান, উল্লাপাড়ার উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম, মেয়র এস এম নজরুল ইসলাম।