শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে জমে উঠেছে রাস উত্সব

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উত্সব জমে উঠেছে। পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে উত্সব। রবিবার সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উত্সবের সমাপ্তি ঘটবে।

শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১২৮তম আবির্ভাব তিথি রাস পূর্ণিমায় প্রতি বছর এ উত্সব অনুষ্ঠিত হয়। এ উত্সবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটেছে। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হয়েছেন। হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলনমেলায়। আশ্রমের সাধারণ সম্পাদক রণঞ্জয় কৃষ্ণ দত্ত জানান, বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপনার্থে বিশ্ব শান্তি কামনায় পাঁচ দিনব্যাপী এ উত্সবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আছে। এই মেলাকে কেন্দ্র করে আমরা সার্বিক নিরাপত্তা পরিকল্পনা করেছি।’