সুজানগরে কাচারীপাড়া স্টেডিয়াম এখন গোচারণ ভূমি!

পাবনার সুজানগরের একমাত্র কাচারীপাড়া স্টেডিয়াম গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখার অভাবে স্টেডিয়ামটি বেহাত হতে চলেছে।

জানা গেছে, ক্রীড়া ব্যবস্থাকে সমৃদ্ধ করতে ১৯৮২ সালে উপজেলার কাচারীপাড়ায় প্রতিষ্ঠা করা হয়েছিল স্টেডিয়ামটি। সেই সঙ্গে ফুটবলসহ বিভিন্ন খেলায় ধারাভাষ্য দেওয়ার জন্য এর পাশে নির্মাণ করা হয় একটি অফিস। উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ঐ স্টেডিয়ামে সারা বছর ফুটবল, ভলিবল এবং হাডুডুসহ বিভিন্ন ধরনের খেলাধুলা হতো।

মুক্তিযোদ্ধা আব্দুল হাই জানান, সে সময় স্থানীয় পর্যায়ের খেলাধুলার পাশাপাশি আয়োজন করা হতো আন্তঃজেলা খেলাধুলা। ঐসব খেলা দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক এসে স্টেডিয়ামে ভিড় করতেন। কিন্তু কালের আবর্তনে ঐতিহ্যবাহী ঐ স্টেডিয়ামে এখন আর খেলাধুলা হয় না।

বিশেষ করে ৯০ দশকের শেষের দিকে উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কিছু দিনের মধ্যে স্টেডিয়ামেরও কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান।

প্রাক্তন কৃতী ফুটবল খেলোয়াড় আব্দুল আলীম যতীন জানান, দীর্ঘদিন খেলাধুলা না থাকায় স্টেডিয়ামটি বর্তমানে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। গরু-ছাগল চড়ানোর পাশাপাশি কৃষিপণ্য শুকানোর কাজও করে থাকেন। অনেকে স্টেডিয়ামের জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করায় স্টেডিয়ামটি বেহাত হতে চলেছে। পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাবে ধারাভাষ্য অফিসটিও ভেঙে যাচ্ছে বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত্ দেবনাথ বলেন, সরকারি নিয়ম মেনে স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণের পাশাপাশি খেলাধুলার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।